Tuesday, June 26, 2012

বোকামির একশেষ: প্রথম পাঠ!

আমি ভীষণ হাবাগোত্রের একটা মানুষ। নিজেকে একটু বুদ্ধিমান বলেকয়ে দাম বাড়ানোর অবস্থাও আমার নেই বলতে গেলে। আমার চারপাশের অদ্ভুত অসাধারণ মানুষগুলো যখন ফাটাফাটি কিছু একটা করে ফেলে, তখন আমি ড্যাবড্যাব করে তাদের দিকে তাকিয়ে থাকি, আর তাদের কাণ্ডকারখানার শানে নুযুল বোঝার ব্যর্থ চেষ্টা করি। তবে সমস্যা হচ্ছে, আমার চারপাশের মানুষগুলো খুব সহজেই আমার বোকামি ধরে ফেলে! ব্যাপারটা ভীষণ ঝামেলার। কারণ, বোকা হওয়া এক জিনিষ, আর বোকা প্রমাণিত হওয়া সম্পূর্ণ আরেক জিনিষ। মানে কিছুটা মান ইজ্জতের প্রশ্ন আর কি। সে যাই হোক, আমার ধারণা ছিল, পৃথিবীতে বোকামিতে আমিই অদ্বিতীয় বস্তু( ব্যাপারটা ভাবতেই আমার ভাল লাগত! ), কিন্তু সমস্যা এখানেও। সত্যি কথা বলতে কি, কম্পিউটার নামক জিনিষটা বোধহয় আমার চেয়েও একটু বেশিই বোকা। হয়ত এই জন্যই ওর সাথে আমার গলায় গলায় ভাব!

কিন্তু সমস্যা বাঁধিয়ে বসল ঐ বুদ্ধিমান মানুষগুলোই। তাদের কথা, বোকা বলে যদি কেউ থেকে থাকে, তবে সেটা হতচ্ছাড়া তারিফই( মানে আমি :( )! তার মানে হচ্ছে, কম্পিউটারকে এই মানুষগুলো আর বোকা থাকতে দিতে চায় না। তাই তারা কম্পিউটারকে বুদ্ধিমান বানানোর একটা উপায় বের করে বসল। নাম দিল Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন ঘটনা হচ্ছে, কাউকে বুদ্ধিমান বানানো তো আর সোজা কথা না, তাই না? কম্পিউটারের বেলায়ও তাই। তবে ঐ মানুষগুলো এখনো হাল ছাড়েনি, আমাকে সবচেয়ে বোকাদের দলের নেতা বানাতে এই লোকগুলো বদ্ধপরিকর। যাই হোক, তারা যা করার করুক, আমিও আমার কাজ করি, ড্যাবড্যাব করে তাদের দিকে তাকিয়ে থাকি। তাকিয়ে থেকে বিরক্ত হয়ে ভাবলাম, ওরা যা করছে সেটা আমি বরং কোথাও লিখে রাখি। এইভাবে লিখেটিখে যদি আমার মাথায় কিছু ঢোকে আর কি। তাই এই ব্লগ লেখা! এর আগে আমার একটা ব্লগ ছিল ওপেন সোর্সের উপরে। ভীষণ অলসতার কারণে ব্লগটা বেশিদুর যায় নি। ইচ্ছা আছে, দুটোই একসাথে আবার শুরু করা। দেখা হবে খুবই তাড়াতাড়ি!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: বুদ্ধিমান লোকদের এই ব্লগে আসা পুরোপুরি নিষিদ্ধ!

No comments:

Post a Comment